আইন-বিচারদেশবাংলা

অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকলে ভবন সিলগালা: গণপূর্ত মন্ত্রী

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আগামীকাল থেকে অভিযানে নামবে। এ সময় অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকলে বা অপরিকল্পিতভাবে নির্মিত ভবন সিলগালা করে দেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ গুলশান-১ নম্বর ডিএনসিসি কাঁচা ও সুপার মার্কেটের অগ্নিকাণ্ড স্থল পরিদর্শনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ফায়ার সার্ভিসের জরিপ অনুযায়ী ঢাকার বেশিরভাগ ভবনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই -এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা শুধু গুলশান-বনানী নয়, ঢাকা শহরের যেকোনো স্থানে যদি অপরিকল্পিতভাবে ইমারত নির্মিত হয়ে থাকে, অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকে -সেই বিষয়ে রোববার থেকে রাজউকের পরিদর্শন শুরু করবে।

গৃহায়ন মন্ত্রী আরও বলেন, এটা কিন্তু দীর্ঘদিনের জঞ্জাল। আমরা চেষ্টা করছি, পূর্বাচল ঝিলমিলসহ নতুন যে শহরগুলো হচ্ছে সেখানে পরিকল্পনার বাইরে কোনো স্থাপনা হতে দিচ্ছি না। এখানে স্থানীয় কিছু বিরোধ আছে, আপনারা জানেন। আমরা চেষ্টা করছি তা দূর করে পরিকল্পিতভাবে সমন্বয় করার।কোথাও কোনো অনিয়ম থাকলে আমাকে জানান। অ্যাকশনে যাব। বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়ার ৭ দিনের মধ্যে তা প্রকাশ করা হবে বলেও জানান মন্ত্রী। শনিবার ভোরে গুলশানের ডিএনসিসি মার্কেটের কাঁচা ও সুপার মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ২০১৭ সালের ৩ জানুয়ারি একই মার্কেটে আগুন লেগেছিল। সেই সময় ১৬ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। মার্কেটের নিচতলা ও দোতলার মোট ৬০৫টি দোকান পুড়ে গিয়েছিল।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button