বাংলাদেশ

ধর্ষণচেষ্টার মামলা খারিজ, পাল্টা মামলায় বাদী নারী গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলার তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় সেটি খারিজ করেছেন আদালত। পরে ওই ব্যবসায়ীর করা পাল্টা মামলায় অভিযোগকারী নারী বিউটি খাতুনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. বসির উদ্দীন।

গ্রেপ্তার বিউটি খাতুন শৈলকুপা উপজেলার বারইহুদা গ্রামের বাবর আলীর মেয়ে।

আদালত সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার চরমুরারিদহ গ্রামের একটি জমি নিয়ে বিউটি খাতুনের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী মিরাজ জামান রাজের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের মধ্যেই মিরাজ জামান রাজের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন বিউটি খাতুন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারায় করা ওই মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে আদালতে প্রতিবেদন দেওয়া হয়। পরে আদালত মামলাটি খারিজ করে দেন।

এরপর মিরাজ জামান রাজ বাদী হয়ে বিউটি খাতুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাল্টা মামলা করেন। নারী ও শিশু পিটিশন নম্বর ৯১/২০২৬ মামলাটি আদালত আমলে নিয়ে আইনের ১৭ ধারায় বিউটি খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মিরাজ জামান রাজ বলেন, জমি সংক্রান্ত বিরোধের কারণেই তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা করা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও পিবিআইয়ের তদন্তে ওই অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। পরে আদালত মামলাটি খারিজ করে দেন।

তিনি আরও বলেন, মিথ্যা অভিযোগে মামলা করে তাকে হয়রানি ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে। এ কারণে তিনি আইনি প্রতিকার পাওয়ার জন্য পাল্টা মামলা করেছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই বিউটি খাতুনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button