অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা। এর আগে সকাল সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কয়েকশ শিক্ষার্থী মিছিল নিয়ে মহাসড়কে এসে অবরোধ শুরু করেন।
শিক্ষার্থীদের অবস্থানের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, অবরোধের ফলে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। তারা অপ্রতিম হত্যার বিচার এবং জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
দুপুর ১২টা ৫ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান করছিলেন।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখায় দুই পাশে যানজট বাড়ছে। তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় সে। ওই দিন মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেনি অপ্রতিম। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের পাশের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর সন্দেহভাজন হিসেবে তুহিন (১৯) নামে একজনকে আটক করা হয়। পরে আনাস নামের আরও একজনকে হেফাজতে নেওয়া হয়। প্রাথমিকভাবে অপ্রতিমের মায়ের আইফোন নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত তথ্য জানাতে রোববার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জেলা পুলিশ।
রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে কোটবাড়ি গন্ধমতিতে নিজ বাড়ির পাশের কবরস্থানে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়।



