আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার

আখাউড়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশ থেকে শাকিল (১৪) নামে এক বাংলাদেশি কিশোরের মরদেহ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তের সানমুড়া এলাকায় মরদেহটি পড়ে ছিল বলে জানা গেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে ত্রিপুরা রাজ্যের লঙ্কামুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্তের কাঁটাতারের কাছে পড়ে থাকা অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
নিহত শাকিল আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, বুধবার গভীর রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল সে। পরে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি এবং মাইকিং করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শাকিলের বাবা মালু মিয়া জানান, বুধবার রাতে বাড়িতে তার মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। রাত সাড়ে ১২টার দিকে অনুষ্ঠান শেষে শাকিল ঘরে ফিরে মায়ের সঙ্গে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে আবার ঘর থেকে বের হয়ে যায়। এরপর আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন।
তিনি বলেন, অনেক জায়গায় খোঁজ করেও ছেলের সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সন্ধ্যায় বিজিবির মাধ্যমে সীমান্ত এলাকায় ছেলের মরদেহ পাওয়ার খবর পান। সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন তিনি। এরপর বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা হলে বিএসএফ মরদেহটি নিয়ে যায়।
পরিবার সূত্রে জানা গেছে, শাকিল মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। তবে কীভাবে সে বাড়ি থেকে সীমান্ত এলাকায় পৌঁছেছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিত নন।
বিজিবি ফকিরমুড়া ক্যাম্পের কমান্ডার নিরাময় চাকমা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের ২০২২-৯এস পিলারের কাছে সানমুড়া এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে বিএসএফ সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে ভারতীয় বিএসএফের কাছ থেকে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। খবর পেয়ে আখাউড়া থানার পুলিশও সেখানে উপস্থিত হয়।
পরবর্তীতে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে যোগাযোগ করেন। মরদেহ শনাক্ত ও উদ্ধারের আনুষ্ঠানিকতা শেষ হতে রাত হয়ে যাওয়ায় রাত ২টার দিকে লঙ্কামুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা মরদেহটি তাদের হেফাজতে নেন।
২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, কিশোরটি কীভাবে সীমান্ত এলাকায় পৌঁছেছে এবং তার মৃত্যুর প্রকৃত কারণ কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কাঁটাতারের পাশে মরদেহ পাওয়ায় বিএসএফ সেটি নিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে রোববার বিকেলে মরদেহ বাংলাদেশে ফেরত দেওয়ার কথা রয়েছে।



