বাংলাদেশ

‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টা পর পাহাড়ে মিলল নিখোঁজ শিক্ষার্থী

বাংলা টিভি ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজের প্রায় এক দিনের মধ্যেই বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে রাতুল দেব নাথ (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে।

রাতুল ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেব নাথের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পর থেকে রাতুলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। একই সঙ্গে রাতুলের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে পরিবারের সদস্যরা তার ফেসবুক অ্যাকাউন্টে ‘Miss you Ma’ লেখা একটি স্ট্যাটাস দেখতে পান। এতে পরিবারের উদ্বেগ আরও বেড়ে যায়। এর মধ্যে কুমিল্লায় সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের ঘটনার কারণে স্বজনদের মধ্যে আতঙ্কও তৈরি হয়। পরে রাতুলের বাবা মতলব উত্তর থানায় নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় রাতুলকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই জীবন চৌধুরী ও এএসআই রবিউল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কিশোরটির সন্ধানে কাজ শুরু করে।

পুলিশ জানায়, বিভিন্ন তথ্য বিশ্লেষণ, সম্ভাব্য গতিবিধি পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতুলের অবস্থান শনাক্ত করা হয়। পরে ওই তথ্যের ভিত্তিতে বান্দরবান সদর থানার আওতাধীন দুর্গম ১২ মাইল পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করে রাতুল দেব নাথকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত পদক্ষেপ এবং সমন্বিত অভিযানের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকা থেকে রাতুলকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button