গাইবান্ধায় কালভার্টের নিচে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সদর উপজেলার একটি কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-১৩-এর একটি দল। অভিযানকালে এলাকার একটি সারের গোডাউনের পাশে শিবপুর সড়কের কালভার্টের নিচে সন্দেহজনক অবস্থায় একটি সাদা রঙের প্লাস্টিকের কাটা বস্তা দেখতে পান সদস্যরা।
পরে বস্তাটি তল্লাশি করে এর ভেতরে থাকা লাল রঙের একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে অস্ত্রগুলোর কোনো দাবিদার পাওয়া যায়নি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



