কক্সবাজার নিয়ে আমরা বিপদের মধ্যে আছি: মীর শাহে আলম

বাংলা টিভি ডেস্ক: কক্সবাজারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি সংস্থা আদালতের আদেশ অন্যায়ভাবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় কক্সবাজার-৩ আসনের এমপি লুৎফুর রহমান কাজল, চট্টগ্রাম-১৪ আসনের এমপি জসিম উদ্দিন আহমদসহ মন্ত্রণালয়, প্রশাসন ও প্রকল্পসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মীর শাহে আলম বলেন, ‘কক্সবাজার নিয়ে সরকার বিপদের মধ্যে আছে। কক্সবাজারের পর্যটন ও উন্নয়নে এক প্রকার বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা। এখানে কোনো উন্নয়ন প্রকল্প ও পরিকল্পনা হাতে নিলেই সংস্থাটি আদালতের দ্বারস্থ হচ্ছে। পরে আদালতের আদেশ অন্যায়ভাবে ব্যবহার করে বারবার বাধাগ্রস্ত করা হচ্ছে উন্নয়ন।’
প্রতিমন্ত্রী বলেন, ‘কক্সবাজার দেশের ঐতিহ্য ও পরিচয়ের গুরুত্বপূর্ণ ঠিকানা। এটিকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চলছে। কক্সবাজারের পর্যটন ও উন্নয়ন যেন বিকশিত হতে না পারে, সে জন্য দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র চলছে।’
এর আগে সকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শন করেন। সেখানে তিনি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি আধুনিক ও পরিবেশবান্ধব প্রকল্প। প্রতিদিনের বর্জ্য থেকে সার ও বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম বৃহৎ পরিসরে নেওয়ার জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে।



