শিল্পকলায় ‘ক্বান্দে ফারসি উৎসব’ ২১ ডিসেম্বর

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশে ফারসি ভাষা ও সাহিত্যের চর্চা আরও বিস্তৃত করা এবং এ ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘প্রথম ক্বান্দে ফারসি উৎসব ২০২৬’। ফারসি ভাষা ও সাহিত্য নিয়ে কাজ করা গবেষক, লেখক, অনুবাদক, শিক্ষার্থী এবং আগ্রহীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
বাংলাদেশে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আগামী ২১ ডিসেম্বর ‘শাবে ইয়ালদা ২০২৬’ উপলক্ষ্যে উৎসবটি অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফারসি ভাষা ও সাহিত্য নিয়ে কাজ করছেন এমন ব্যক্তি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের কাজ তুলে ধরাই এ উৎসবের অন্যতম লক্ষ্য। পাশাপাশি তাঁদের অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিতে ফারসি ভাষা ও সাহিত্যের রয়েছে দীর্ঘদিনের প্রভাব। সেই ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, ফারসি ভাষা শিক্ষায় আগ্রহ বাড়ানো এবং এ বিষয়ে গবেষণা ও সাহিত্যচর্চায় যুক্ত ব্যক্তিদের মধ্যে যোগাযোগ জোরদার করতেও উৎসবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকেরা।
উৎসবে অংশ নিতে আগ্রহীদের নিবন্ধনের শেষ সময় আগামী ৩০ নভেম্বর ২০২৬। নিবন্ধন প্রক্রিয়া ও আয়োজনের বিস্তারিত তথ্য জানা যাবে www.qandeparsi.bd ওয়েবসাইটে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের প্রতিটি বিভাগে বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। বিশেষ আকর্ষণ হিসেবে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জনকারী পাবেন ইরানে ফারসি ভাষা শিক্ষার জন্য পূর্ণ বৃত্তি।
প্রথমবারের মতো আয়োজিত এ উৎসব বাস্তবায়নে সহযোগিতা করছে আন্জুমানে ফারসি বাংলাদেশ। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগও সার্বিক সহযোগিতায় যুক্ত রয়েছে।



