মেট্রোরেলে ‘আমরা করব জয়’ গেয়ে ভাইরাল: বাবার বিরুদ্ধে প্রতারণার ভয়াবহ অভিযোগ

বাংলা টিভি ডেস্ক: মেট্রোরেলে ‘আমরা করব জয়’ গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা দুই শিশুর বাবার পরিচয় পাওয়া গেছে। ফিরোজ খান রনি নামের ওই ব্যক্তিকে ঘিরে অতীতে পাওয়া আর্থিক সহায়তার অপব্যবহার, একাধিক বিয়ে এবং শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি করানোর মতো নানা অভিযোগ সামনে এসেছে।
জানা গেছে, ফিরোজ খান ঝালকাঠির স্থায়ী বাসিন্দা। ঢাকায় আসার আগে তিনি বরিশাল নগরের ১ নম্বর ওয়ার্ডের সাধুর বটতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে গান গাইতে দেখা যাওয়া দুই শিশুর নাম মরিয়ম আক্তার ও নূর। তাদের বয়স আনুমানিক পাঁচ বছর।
স্থানীয় সূত্র ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বরিশালের সাংবাদিক সাব্বির খানের মাধ্যমে ফিরোজের অসহায়ত্বের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সে সময় তার স্ত্রী মারা যাওয়ার পর দুই শিশুকে বাসায় রেখে ভিক্ষা করার বিষয়টি আলোচনায় আসে। পরে তৎকালীন তথ্যমন্ত্রী ও ফরিদপুরের এক ব্যবসায়ী তাকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দেন।
তবে বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সাংবাদিক সাব্বির খান গণমাধ্যমকে জানান, সহায়তা হিসেবে পাওয়া দুটি অটোরিকশার একটি ফিরোজ নিজে চালাতেন এবং অন্যটি ভাড়ায় দিয়েছিলেন। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগে কারাভোগের তথ্যও সামনে আসে। জামিনে মুক্ত হওয়ার পর তিনি বরিশালের লঞ্চঘাট এলাকায় দ্বিতীয় বিয়ে করেন। তবে সেই সংসারও বেশিদিন টেকেনি বলে দাবি করেন ওই সাংবাদিক।
সাব্বির খানের ভাষ্য অনুযায়ী, দ্বিতীয় স্ত্রীকে মারধরের পর ফিরোজ সহায়তা হিসেবে পাওয়া অটোরিকশা দুটি বিক্রি করে শিশুদের নিয়ে ঢাকায় চলে আসেন। শিশুদের দিয়ে মানুষের সহানুভূতি আদায় করে ভিক্ষা করানোই তার অভ্যাস বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, ২০২৩ সালে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শিশু দুটিকে একটি ডে-কেয়ার সেন্টারে রাখার ব্যবস্থাও করা হয়েছিল। ফিরোজ নিজেও ভালো গান করেন। একসময় রিকশাচালকদের নিয়ে আয়োজিত একটি সংগীতবিষয়ক রিয়েলিটি শোতেও অংশ নিয়েছিলেন তিনি। তার দুই সন্তানের কণ্ঠও বেশ ভালো।
এদিকে বরিশালের সাধুর বটতলা এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, ২০২৩ সালে শিশু দুটির দুর্দশার গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চিত্রনায়িকা পরীমনি তাদের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে সে সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে আস্থা না পাওয়ায় ফিরোজ খানকে সেই প্রস্তাবে রাজি হতে নিরুৎসাহিত করেন।
অন্যদিকে, শিশু দুটির বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।



