Uncategorized

ডিআরইউ লেখক সম্মাননা ২০২৬ পেলেন সাংবাদিক ও লেখক এম এম বাদশাহ্

বাংলা টিভি ডেস্ক: সাংবাদিকতার ব্যস্ত পেশাজীবনের পাশাপাশি সাহিত্যচর্চায়ও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন সিনিয়র সাংবাদিক ও লেখক এম এম বাদশাহ্। বিশেষ করে শিশু-কিশোরদের স্বপ্ন দেখতে শেখানো, আত্মবিশ্বাস বাড়ানো এবং ইতিবাচক চিন্তায় উদ্বুদ্ধ করতে লিখে চলেছেন অনুপ্রেরণামূলক গল্প। সাংবাদিকতা ও সাহিত্যাঙ্গনে তাঁর এই অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) লেখক সম্মাননা ২০২৬ পেয়েছেন তিনি।

শিশু-কিশোরদের জন্য লেখা তাঁর গ্রন্থ ‘গোপন স্বপ্নের খোঁজে’র জন্য এ সম্মাননা দেওয়া হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২৬ জন সাংবাদিক ও লেখককে সম্মানিত করা হয়।

এম এম বাদশাহ্ বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভির চিফ নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। পেশাগত কাজের বাইরে সাংবাদিকদের অধিকার রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সংগঠনের সদস্যদের কল্যাণে বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন।

আড়াই দশকের বেশি সময়ের সাংবাদিকতা

২০০০ সালে ‘শিক্ষাবিচিত্রা’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন এম এম বাদশাহ্। দীর্ঘ আড়াই দশকের বেশি সময়ের কর্মজীবনে দেশের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি।

তাঁর কর্মস্থলের তালিকায় রয়েছে দৈনিক মানবজমিন, যুক্তরাজ্যের চ্যানেল এস, ইসলামিক টিভি, দিগন্ত টিভি, এসএ টিভি, জাপানের কিয়োডো নিউজ এবং ইরানের রেডিও তেহরান। অনুসন্ধানী প্রতিবেদন, অপরাধ সাংবাদিকতা, মানবাধিকার, দুর্নীতি ও অভিবাসনবিষয়ক সংবাদ পরিবেশনে বিশেষ অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ ছাড়া মোবাইল জার্নালিজম বা মোজো সাংবাদিকতার প্রসার ও প্রশিক্ষণ কার্যক্রমেও সম্পৃক্ত তিনি।

সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে বই প্রকাশ

সংবাদ সংগ্রহ ও অনুসন্ধানের দীর্ঘ অভিজ্ঞতা এবার উঠে এসেছে তাঁর সাহিত্যকর্মেও। ২০২৫ সালের অমর একুশে বইমেলায় বর্ষা দুপুর প্রকাশনী থেকে প্রকাশিত হয় তাঁর বই ‘নিষিদ্ধ সত্য’। একজন ক্রাইম রিপোর্টারের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, অনুসন্ধানী সাংবাদিকতার নানা দিক এবং সংবাদ প্রকাশের আড়ালে থেকে যাওয়া অজানা ঘটনাগুলো স্থান পেয়েছে বইটিতে।

এরপর ২০২৬ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় তাঁর তৃতীয় গ্রন্থ ‘গোপন স্বপ্নের খোঁজে’। শিশু-কিশোরদের মানসিক বিকাশ, স্বপ্ন, সাহস ও আত্মবিশ্বাসকে গুরুত্ব দিয়ে লেখা বইটির গল্পগুলো তরুণ পাঠকদের ইতিবাচকভাবে অনুপ্রাণিত করার প্রয়াস।

এ ছাড়া তাঁর প্রকাশিত অন্য একটি বই ‘সাহসী নেংটি ইঁদুর’। সব মিলিয়ে এ পর্যন্ত তাঁর তিনটি বই প্রকাশিত হয়েছে।

সাংবাদিকতায় পেয়েছেন দেশি-বিদেশি স্বীকৃতি

পেশাগত জীবনে অনুসন্ধানী সাংবাদিকতা ও মানবাধিকার বিষয়ে কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও ফেলোশিপ অর্জন করেছেন এম এম বাদশাহ্। এর মধ্যে রয়েছে হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড, আইসিএফজে-ইউএসএ ফেলোশিপ, ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড, পিআইবি-প্রজ্ঞা অ্যাওয়ার্ড এবং দ্য লেপ্রসি মিশন জার্নালিজম ফেলোশিপ।

শিক্ষাজীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। পরে ঢাকা ল কলেজ থেকে এলএলবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজি অ্যান্ড জাস্টিস বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

সাংবাদিকতা, সাংগঠনিক দায়িত্ব ও সাহিত্যচর্চার সমন্বয়ে এগিয়ে চলা এম এম বাদশাহ্ মনে করেন, সৃজনশীল লেখালেখি কেবল ব্যক্তির চিন্তার বিকাশ ঘটায় না, সমাজকেও সমৃদ্ধ করে। বিশেষ করে শিশু-কিশোরদের স্বপ্ন দেখানো, নিজেদের প্রতি বিশ্বাস তৈরি এবং মানবিক ও ইতিবাচক মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে সাহিত্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ডিআরইউর এই সম্মাননা তাঁর সাহিত্যচর্চার পথচলাকে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button