কুমিল্লায় ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হুমায়ুন কবির (৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) শনিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়ভাবে জানা যায়, চলতি বছরে কুমিল্লায় ডেঙ্গুতে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। হুমায়ুন কবির দাউদকান্দি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের মৃত শামছু ব্যাপারীর ছেলে। তিনি দাউদকান্দি উপজেলা বাজারের তুলা ব্যবসায়ী ছিলেন।
হুমায়ুন কবিরের ভাতিজা মিজানুর রহমান হালিম ও দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. হাবিবুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে কুমিল্লায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছিল। বিশেষ করে দাউদকান্দি উপজেলায় সংক্রমণের হার ছিল উল্লেখযোগ্য।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন স্থানে পানি জমে থাকা এবং এডিস মশার প্রজননস্থল বাড়ায় ডেঙ্গুর ঝুঁকি তৈরি হচ্ছে। তারা দ্রুত মশক নিধন কার্যক্রম জোরদার এবং আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ নজরদারির দাবি জানিয়েছেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।



