জনপ্রিয় গান ‘প্রেমের কি নাম দিব’ নিয়ে জটিলতা
আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলো বাউল রাজা মিয়ার পরিবার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার প্রয়াত জনপ্রিয় লোকবাউল শিল্পী রাজা মিয়ার সৃষ্ট গান ‘প্রেমের কি নাম দিব’ নিজের নামে দীর্ঘদিন ধরে প্রচার করার অভিযোগ উঠেছে বাউলশিল্পী শিমুল হাসানের বিরুদ্ধে। এ অভিযোগ করেছেন প্রয়াত শিল্পী রাজা মিয়ার মেয়ে রুজিনা বেগমসহ তাঁর অন্যান্য সন্তানরা।
তবে অভিযোগ অস্বীকার না করে শিমুল হাসান দাবি করেছেন, গানটি মূলত রাজা মিয়ার লেখা হলেও পরবর্তীতে তাঁর পরিবারের কাছ থেকে অর্থের বিনিময়ে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে গানটি ব্যবহারের অনুমতি নেওয়া হয়েছিল।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের থানা পাড়ায় নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে রাজা মিয়ার পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরা হয়।
লিখিত বক্তব্যে রুজিনা বেগম বলেন, তাঁর বাবা রাজা মিয়া গাইবান্ধার একজন জনপ্রিয় লোকবাউল শিল্পী ছিলেন। ১৯৮০-এর দশকে তাঁর একটি অ্যালবাম প্রকাশিত হয়। দীর্ঘ সংগীতজীবনে তিনি অসংখ্য জনপ্রিয় গান রচনা ও পরিবেশন করেন। ১৯৯৮ সালে রাজা মিয়া মারা গেলে স্ত্রী ও পাঁচ কন্যাসহ পরিবারের সদস্যদের রেখে যান তিনি।
রাজা মিয়ার জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘প্রেমের কি নাম দিব’ অন্যতম বলে দাবি করেন তাঁর মেয়েরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গানটি নিজের নামে প্রচার করে আসছেন বাউলশিল্পী শিমুল হাসান। বিষয়টি তাঁকে একাধিকবার জানানো হলেও গানটির প্রচারে রাজা মিয়ার নাম যুক্ত করা হয়নি।
রাজা মিয়ার পরিবারের সদস্যদের দাবি, বাবার সৃষ্ট গানটির প্রচার ও ব্যবসায়িক ব্যবহারের অনুমতি তারা ‘ফোক বাংলা এন্টারটেইনমেন্ট’-কে দিয়েছেন। প্রতিষ্ঠানটির মাধ্যমে গানটির প্রচার ও বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
তবে পরিবারের অভিযোগ, এরপরও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য প্ল্যাটফর্মে গানটি রাজা মিয়ার নাম বাদ দিয়ে শিমুল হাসানের নামে প্রচার করা হচ্ছে। এ নিয়ে তাঁদের বিভিন্নভাবে হয়রানিরও শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
সংবাদ সম্মেলন থেকে রাজা মিয়ার মেয়েরা গানটির প্রচারে তাঁদের বাবার নাম যথাযথভাবে উল্লেখ করার দাবি জানান। একই সঙ্গে যেসব প্ল্যাটফর্মে গানটি রাজা মিয়ার নাম ছাড়া শিমুল হাসানের নামে প্রচার করা হচ্ছে, সেসব প্ল্যাটফর্ম থেকে গানটি সরিয়ে নেওয়ার আহ্বান জানান তাঁরা।
অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান পরিবারের সদস্যরা।
এদিকে, অভিযোগের বিষয়ে বাউলশিল্পী শিমুল হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গানটি মূলত রাজা মিয়ার লেখা। তবে আগে তিনি জানতেন না যে, রাজা মিয়ার লেখা গানটি কিছুটা সংশোধন করে তিনি নিজের কণ্ঠে পরিবেশন করেছেন।’
শিমুল হাসানের দাবি, ২০২০ সালে তাঁর কণ্ঠে গানটি ব্যাপকভাবে পরিচিতি লাভ করে। পরবর্তীতে ২০২৫ সালে গাইবান্ধা কালচারাল অফিসের মাধ্যমে তাঁকে বিষয়টি জানানো হয়। এরপর রাজা মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে ৩০০ টাকার স্ট্যাম্পে তাঁদের স্বাক্ষর নেওয়া হয়। তাঁর ভাষ্য, ওই সময় পরিবারের পক্ষ থেকে গানটি নিয়ে তাঁদের আর কোনো দাবি-দাওয়া নেই বলে জানানো হয়েছিল।
শিমুল হাসান আরও বলেন, ‘এখন শুনছি, তাঁরা গানটি অন্য জায়গায় বিক্রি করে দিয়েছেন। বিষয়টি নিয়ে আমারও প্রশ্ন রয়েছে।’
প্রয়াত শিল্পী রাজা মিয়ার পরিবারের অভিযোগ এবং শিমুল হাসানের পাল্টা বক্তব্যের পর ‘প্রেমের কি নাম দিব’ গানটির স্বত্ব, প্রচার ও ব্যবহারের অনুমতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিষয়টির সুরাহার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা কিংবা প্রয়োজন হলে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে গানটির প্রকৃত স্বত্ব ও ব্যবহারের অধিকার নির্ধারণের দাবি উঠেছে।



