‘ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি’

আন্তর্জাতিক ডেস্ক: আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন করাচোর জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে। মোদিকে ভারতের জন্য অস্বস্তিকর ব্যক্তি উল্লেখ করে তিনি অভিযোগ করেন, তাঁর মতো ‘কাপুরুষ ও জুলুমবাজ’ দেশটি আগে দেখেনি।
রোববার (১১ অক্টোবর) সকালে আদালতের নির্দেশে মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন অভিজিৎ দিপকে।
এর আগে শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে দিল্লি যাওয়ার পথে উড়োজাহাজের ভেতর থেকেই তাঁকে আটক করে দিল্লি পুলিশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে তিনি দিল্লি যাচ্ছিলেন।
বিক্ষোভে অংশ নিতে বেঙ্গালুরু থেকে মুম্বাই হয়ে দিল্লি যাচ্ছিলেন অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। শনিবার বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের ভেতর থেকে তাঁদের তিনজনকেই আটক করা হয়।
পরে রোববার দিল্লি ক্যান্টনমেন্ট থানায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর শর্তসাপেক্ষে তাঁদের মুক্তি দেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে ব্যাপক ধরপাকড় চালানো হয়। এ সময় প্রায় সাত হাজার মানুষকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
নেতাদের আটকের পরও আন্দোলন থেকে সরে আসছে না সিজেপি। রোববারও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।
অভিজিৎ দিপকে আটক হওয়ার পর দলের নেতৃত্বের দায়িত্ব নেওয়া অজিঙ্কা শিন্ডে জানিয়েছেন, আন্দোলন বন্ধ করার কোনো পরিকল্পনা তাঁদের নেই। রোববার আবারও যন্তর মন্তরে পৌঁছে বিক্ষোভ করার চেষ্টা করবেন তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
এদিকে, রোববার স্থানীয় সময় দুপুর ২টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে সিজেপির। নেতাকর্মীদের আটক ও চলমান আন্দোলনের বিষয়ে সেখানে বিস্তারিত বক্তব্য আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।



