ইন্ডিয়াআন্তর্জাতিকএশিয়া

ধ্রুব রাঠিকে ছেড়ে দিলো পুলিশ

বাংলা টিভি ডেস্ক: ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। তবে ফের ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে দিল্লির যন্তর মন্তরে গেলে তার বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জার্মানিতে বসবাসকারী ধ্রুব রাঠি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কথিত অনিয়মের প্রতিবাদে সিজেপির আন্দোলনে যোগ দিতে তিনি দিল্লিতে এসেছিলেন।

বিক্ষোভ ঘিরে আটক হওয়া অন্যদের মতো ধ্রুব রাঠীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়। গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় তার বাসা থেকে তাকে আটক করা হয়েছিল। অন্যদের অধিকাংশকে শনিবার রাতে ছেড়ে দেওয়া হলেও ধ্রুব রাঠীকে আটক রাখা হয়।

এদিকে দিল্লিতে পৌঁছানোর পরপরই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক এবং দলের সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করে পুলিশ।

ধ্রুব রাঠিকে মুক্তি দেওয়ার কিছুক্ষণ আগে দিল্লি পুলিশ জানায়, ওই তিন নেতাকে সতর্কতামূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে বলেও জানায় পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-এর ১২৬ ধারা—শান্তি বজায় রাখার জন্য মুচলেকা নেওয়া—এবং ১৭০ ধারা—আমলযোগ্য অপরাধ সংঘটন ঠেকাতে গ্রেপ্তার—অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button