স্ত্রীর মরদেহ বাড়িতে, মসজিদে গিয়ে মারা গেলেন স্বামীও

বাংলা টিভি ডেস্ক: নড়াইলের সদর উপজেলায় স্ত্রীর মৃত্যুর সাড়ে তিন ঘণ্টা পর মারা গেছেন স্বামী রোমান মোল্যা (৬০)। ফজরের আজান দিতে ও নামাজ আদায় করতে মসজিদে গিয়ে নামাজের মধ্যেই অসুস্থ হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। হৃদয়স্পর্শী এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (১১ অক্টোবর) নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, রোমান মোল্যার স্ত্রী দীর্ঘ প্রায় সাত বছর ধরে পক্ষাঘাতে (প্যারালাইসিস) ভুগছিলেন। মাঝেমধ্যে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বেশির ভাগ সময়ই অসুস্থ থাকতেন তিনি। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
স্ত্রীর মৃত্যুর পর বাড়িতে মরদেহ রেখে নিয়মিত দায়িত্ব পালনের জন্য মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান রোমান মোল্যা। তিনি ওই মসজিদের নিয়মিত মুয়াজ্জিন ছিলেন। ফজরের আজান দেওয়ার পর নামাজ আদায়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় মসজিদে উপস্থিত মুসল্লিরা তাঁকে সুস্থ করার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা ও নড়াইল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার জোহরের নামাজের পর স্বামী-স্ত্রীর জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। তাঁদের ছেলে জসিম কুয়েত থেকে দেশে ফেরার পর সোমবার দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে।
স্বল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।



