ময়মনসিংহ সীমান্তে বিজিবির ওপর ‘চোরাকারবারির হামলা’, গুলিতে যুবকের মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানের সময় বিজিবির টহলদলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক বিজিবি সদস্য আহত হয়েছেন। আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে নোমান আলী (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত নোমান আলী হালুয়াঘাট উপজেলার বেতপুরী গ্রামের বাসিন্দা আলাল উদ্দিনের ছেলে।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে টহলদল। এ সময় চোরাচালানের পণ্য জব্দ করে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে হামলাকারীদের মৌখিকভাবে সতর্ক করা হয়। এরপর সতর্কতামূলক গুলিবর্ষণ করা হলেও হামলা অব্যাহত থাকায় আত্মরক্ষার্থে গুলি চালান বিজিবি সদস্যরা। এতে নোমান আলী গুলিবিদ্ধ হন। পরে তাকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।



