বাংলাদেশ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর স্বামী ফোন দিলেন ৯৯৯-এ

বাংলা টিভি ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে স্বামী। পরে নিজেই ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানিয়ে গ্রেফতার হন।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে।

অন্তঃসত্ত্বা নারীর নাম সীমা রানী দাস (২৫)। এ ঘটনায় পুলিশ তার স্বামী উদ্ভব দাসকে আটক করেছে। উদ্ভব একই গ্রামের নকুল দাসের ছেলে।

স্থানীয় বাসিন্দা মেজবাহ উদ্দিন বলেন, রাতে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর বিষয়টি জানাজানি হয়। স্ত্রী সীমা রানীকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যার পর উদ্ভব নিজেই থানায় খবর দেন। পুলিশ এসে ওই নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। গলা কেটে তাকে হত্যা করা হয়েছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূকে হত্যার পর অভিযুক্ত স্বামী নিজেই ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, মৃতের শরীরে, মাথায় এবং গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট খবর

Back to top button