বাংলাদেশ

বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হীরাকে সংবর্ধনা

বাংলা টিভি ডেস্ক: মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করে দেশে ফিরেছেন বাংলাদেশের হাফেজ ইহতিশামুল হক হীরা। তাঁর এই সাফল্যে সোমবার (১২ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনার আয়োজন করা হয়।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গত ৬ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন হাফেজ হীরা। তাঁর এ অর্জন বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে সম্মান বয়ে এনেছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা এ. এইচ. এম. কামরুজ্জামান এবং যুগ্মসচিব মুহাম্মদ আরিফুল ইসলাম। এ সময় হাফেজ হীরাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাঁর উস্তাদ ও মারকাজু ফয়জিল কুরআন আল ইসলামিয়ার মুহতামিম মুফতি মুরতাজা ফয়েজী মাসুম এবং বিশিষ্ট আলেম মাওলানা সালেহ আহমদ।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে ১১ অক্টোবর জারি করা নির্দেশনায় হাফেজ হীরার দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দরে সংবর্ধনার ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়।

এদিকে, প্রিয় হাফেজকে বরণ করে নিতে বিমানবন্দরে সমবেত হন শত শত ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-উলামা ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী। তাঁদের উপস্থিতিতে বিমানবন্দর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় হাফেজ হীরার প্রথম স্থান অর্জন কুরআন হিফজ ও তিলাওয়াতে তাঁর দীর্ঘদিনের অধ্যবসায়, নিষ্ঠা ও সাধনার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এ সাফল্য দেশের কুরআন শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, হাফেজ হীরার এই অর্জন তরুণ প্রজন্মকে কুরআন হিফজ ও শুদ্ধ তিলাওয়াতের প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ ও সাফল্য আরও বাড়বে।

সংশ্লিষ্ট খবর

Back to top button