রাজনীতি

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

বাংলা টিভি ডেস্ক: এলপি গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও সিন্ডিকেটের মাধ্যমে নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির মতো কর্মকাণ্ড চলছে। অন্যদিকে, বারবার গ্যাসের দাম বাড়ানোর ফলে একটি সিলিন্ডার কিনতে সাধারণ মানুষকে এখন ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকা পর্যন্ত ব্যয় করতে হচ্ছে।

মঙ্গলবার দুপুরে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দেশের অর্থনীতি ক্রমেই নিম্নমুখী হচ্ছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি নানা ধরনের সংকটও তৈরি হচ্ছে।

বিএনপির সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের মতোই বর্তমানে দেশ পরিচালিত হচ্ছে। তাঁর অভিযোগ, বিদেশে আওয়ামী লীগ এবং দেশের ভেতরে বিএনপি—এই দুই রাজনৈতিক শক্তির কারণে জনগণ এখনো তাদের অধিকার ফিরে পাচ্ছে না। চাকরিতে নিয়োগ থেকে শুরু করে সারের ডিলার নিয়োগ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করা হচ্ছে। এর ফলে চাঁদাবাজি ও স্বৈরাচারী প্রবণতা একাকার হয়ে পড়েছে।

বিএনপিকে সতর্ক করে নাহিদ ইসলাম বলেন, নিজেদের দলের মধ্যে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে বিএনপিকেও আওয়ামী লীগের মতো পরিণতির মুখোমুখি হতে হবে।

শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম, এনসিপি নেত্রী শামসুন নাহার, ইমরান আল নাজির এবং জাতীয় শ্রমিক শক্তির সদস্য সচিব রিয়াজ মুর্শেদসহ দলটির অন্যান্য নেতারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button