প্রয়াত বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত

বাংলা টিভি ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত ওয়ার্ড বিএনপি সভাপতি মো. সাইফুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। তার বিধবা স্ত্রীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে একটি সেলাইমেশিন উপহার দিয়েছেন দলটির স্থানীয় নেতারা।
মঙ্গলবার বিকেলে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর জামষাইট গ্রামে প্রয়াত সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে তার স্ত্রী ঝুমা আক্তারের হাতে সেলাইমেশিনটি তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মাওলানা আবু ইছা, ইউনিয়ন প্রচার সেক্রেটারি হাফিজুর রহমান, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী, পেশাজীবী ইউনিয়নের সভাপতি মো. কামাল উদ্দিন, সমাজসেবক চেরাগ আলী ও মো. মিজানুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রয়াত সাইফুল ইসলাম বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তার মৃত্যুর পর পরিবারের আর্থিক অনিশ্চয়তা দূর করা এবং স্ত্রীর আয়ের সুযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে সেলাইমেশিন দেওয়ার উদ্যোগ নেয় জামায়াতে ইসলামী।
সেলাইমেশিন হস্তান্তর শেষে মরহুম সাইফুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
সেলাইমেশিন উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ঝুমা আক্তার বলেন, তার স্বামী বিএনপির ওয়ার্ড সভাপতি ছিলেন। তাদের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও জামায়াতে ইসলামী দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে তাদের পাশে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, তার তিনটি মেয়ে রয়েছে। এমন সহযোগিতা পরিবারের জন্য অনেক বড় প্রাপ্তি। মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে রাজনৈতিক মতপার্থক্য বাধা হওয়া উচিত নয়। জামায়াতে ইসলামীর এই মানবিক উদ্যোগের জন্য তিনি দলটির নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।



