বাংলাদেশ

মন্দিরে মন্দিরে ঘুরে সোনা চুরি করতেন অর্ণব রায় ও তার স্ত্রী

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর বিভিন্ন মন্দিরে ঘুরে প্রতিমার গায়ে থাকা স্বর্ণালংকার চুরির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঐতিহাসিক রমনা কালীমন্দিরে মা কালীর বিগ্রহের জিহ্বায় রাখা সোনা চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে তাদের সন্ধান পায় পুলিশ। এ ঘটনায় চোরাই সোনা কেনার অভিযোগে আরও দুই জুয়েলারি ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন।

গ্রেপ্তার দম্পতি হলেন অর্ণব রায় ও তার স্ত্রী লিপি কর্মকার। এ ছাড়া চোরাই সোনা কেনার অভিযোগে দুই জুয়েলারি দোকানের মালিককেও গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ফারুক হোসেন জানান, গত ৭ অক্টোবর সকাল পৌনে ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে শাহবাগের রমনা কালীমন্দিরে চুরির ঘটনা ঘটে। এ সময় মা কালীর বিগ্রহের জিহ্বায় থাকা আনুমানিক ছয় আনা ওজনের সোনা চুরি হয়, যার বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা। এ ঘটনায় মন্দিরের পুরোহিত সুজিত চক্রবর্তী শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন।

পরে মন্দিরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় উত্তরখানের দোবাদিয়া এলাকা থেকে অর্ণব রায় ও লিপি কর্মকারকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আদালতে হাজির করার পর তারা অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

সিদ্ধেশ্বরী মন্দিরের চুরিতেও দম্পতির সংশ্লিষ্টতা

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে এই দম্পতির বিরুদ্ধে আরও মন্দিরে চুরির ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর সিদ্ধেশ্বরী কালীমন্দিরে স্বর্ণালংকার চুরির ঘটনায়ও তাদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। ওই ঘটনায় রমনা থানায় মামলা হয়েছিল। গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, চুরি করা সোনা জাকারিয়া ইসলাম নামের এক জুয়েলারি ব্যবসায়ীর কাছে বিক্রি করেছিলেন তারা।

এ ছাড়া গত ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার একটি মন্দিরে বাবা লোকনাথ ব্রহ্মচারীর গলার সোনার চেইন চুরির চেষ্টার অভিযোগ রয়েছে অর্ণব রায়ের বিরুদ্ধে। সে সময় চেইন নিয়ে পালানোর সময় মন্দিরের পুরোহিত তাকে আটক করলেও পরে স্থানীয়রা তাকে ছেড়ে দেন বলে জানিয়েছে পুলিশ।

জুয়েলারি দোকান থেকে উদ্ধার চুরি যাওয়া সোনা

অর্ণব ও লিপির দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখানের সাদিয়া জুয়েলার্সের মালিক মো. মুহিনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে রমনা কালীমন্দিরে চুরি হওয়া সোনার একটি পাত উদ্ধার করা হয়েছে, যার ওজন দুই আনা এক রতি।

ডিএমপি জানিয়েছে, প্রাথমিক তদন্তে অন্তত তিনটি মন্দিরে চুরির ঘটনায় এই দম্পতির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তারা এর আগেও অন্য কোনো মন্দিরে একই ধরনের চুরি করেছেন কি না এবং এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button