আন্তর্জাতিক

জাপানে সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার

আন্তর্জাতিক ডেস্ক: কর্মব্যস্ত জীবন ও ঘুমের ঘাটতিতে ভোগা জাপানে এবার আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী এক প্রতিযোগিতা। কে সবচেয়ে দ্রুত ঘুমিয়ে পড়তে পারেন এবং কার ঘুম সবচেয়ে গভীর ও প্রশান্ত হয়, তা নির্ধারণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেন কয়েক ডজন প্রতিযোগী।

সোমবার টোকিওতে গদি প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয় ‘ম্যাট রেস’ নামের এই প্রতিযোগিতা। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিযোগীদের ঘুমের ধরন ও মান পর্যবেক্ষণের জন্য বিশেষ যন্ত্র পরিয়ে আরামদায়ক গদিতে শুয়ে পড়তে দেওয়া হয়। সর্বোচ্চ ৯০ মিনিটের এই প্রতিযোগিতায় বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে রাখা হয় ২০ লাখ ইয়েনের বেশি, যা প্রায় ১৪ হাজার মার্কিন ডলারের সমান।

প্রতিযোগিতাটির পরিকল্পনা তত্ত্বাবধানকারী ক্রিয়েটিভ ডিরেক্টর রিইচিরো নাকামা বলেন, জাপানকে প্রায়ই ঘুমের অভাবে ভোগা দেশ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির মানুষ অত্যন্ত কর্মঠ হলেও পর্যাপ্ত ঘুমের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মৃদু আলোয় সাজানো একটি কক্ষে মাথায় ঘুম পর্যবেক্ষণের যন্ত্র লাগিয়ে প্রতিযোগীরা বিছানায় শুয়ে পড়েন। তাঁদের কেউ কেউ নরম খেলনা বুকে জড়িয়ে ঘুমানোর চেষ্টা করেন।

নাকামার মতে, ঘুমকে প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরলে মানুষ একসঙ্গে ঘুমানোর অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পর্যাপ্ত ঘুমের গুরুত্ব সম্পর্কেও সচেতন হবে।

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) ২০২১ সালের তথ্য অনুযায়ী, জাপানের মানুষ প্রতিদিন গড়ে ৭ ঘণ্টা ২৪ মিনিট ঘুমান। সংস্থাটির সদস্য দেশগুলোর মধ্যে এই সময় ছিল সর্বনিম্ন।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ কর্মঘণ্টা, যাতায়াতে অতিরিক্ত সময় ব্যয় এবং রাতের ব্যস্ত বিনোদনজীবন জাপানিদের পর্যাপ্ত ঘুম না হওয়ার অন্যতম কারণ।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ৩২ বছর বয়সী চিসাতো হোন্ডা এএফপিকে বলেন, তাঁর কাছে প্রতিযোগিতাটি খুব দ্রুত শেষ হয়ে গেছে বলে মনে হয়েছে। আরও কিছুক্ষণ ঘুমানোর সুযোগ পেলে ভালো লাগত বলেও জানান তিনি। তাঁর ভাষায়, এটি ছিল আনন্দদায়ক একটি প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় বিজয়ী নির্ধারণের ক্ষেত্রে কত দ্রুত ঘুমিয়ে পড়া যাচ্ছে এবং ঘুম কতটা গভীর ও প্রশান্ত হচ্ছে, তা বিবেচনায় নেওয়া হয়।

বিজয়ী সুইমি জানান, পুরস্কারের অর্থ দিয়ে তিনি বাসা বদলের খরচ মেটানোর পরিকল্পনা করছেন। পাশাপাশি নিজের স্বপ্নের মতো রাজকুমারীসুলভ একটি বিছানাও কিনতে চান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button