আন্তর্জাতিকইন্ডিয়া

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে: ভারতের জেন জি আন্দোলন নিয়ে নেহা বোরা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তরুণদের মধ্যে ছড়িয়ে পড়া জেন জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রেরণা পেয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ছাত্রনেত্রী নেহা বোরা।

বুধবার (১৪ অক্টোবর) সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ কথা বলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা।

ভিডিও বার্তায় তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন, ভারতের তরুণরাও বর্তমানে মোদি সরকারের বিরুদ্ধে একই ধরনের লড়াই চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা করে নেহা বোরা বলেন, দেশটিতে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ক্রমবর্ধমান চাপ এবং মুক্ত চিন্তা ও সমালোচনামূলক মত প্রকাশের পথ সংকুচিত করার চেষ্টার সঙ্গে ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উগ্রবাদী প্রভাব বিস্তারের পরিস্থিতির মিল রয়েছে।

দক্ষিণ এশিয়ার তরুণদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ নির্মাণে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, এ অঞ্চলের তরুণদের সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সংহতি ভবিষ্যতের সংগ্রামকে আরও শক্তিশালী করতে পারে।

সম্প্রতি পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন নাট্যকর্মী ও আন্দোলনকর্মী নেহা বোরা। এরপর ভারতে জেন জি নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

নির্বাচনী সংস্কার, ভিন্নমত প্রকাশের স্বাধীনতা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দাবিতে মোদি সরকারের সমালোচনা করে আসছেন এই ছাত্রনেত্রী। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে ভারতের তরুণদের আন্দোলনে তিনি জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button