অন্যান্য

পুরুষরা স্কার্ট পরে কর্মস্থলে!

বাংলা টিভি ডেস্ক: সব সময় নিয়ম একরকম থাকে না। নিয়ম মানতে গিয়েই কখনো কখনো সেই নিয়ম বদলে দেওয়ার ইতিহাস তৈরি হয়। ২০১৩ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল।

সেই সময় গ্রীষ্মের প্রচণ্ড গরমে ট্রেনের ভেতরের তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেত। কিন্তু ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যারিভার নিয়ম ছিল, পুরুষ কর্মীদের অবশ্যই লম্বা প্যান্ট পরতে হবে। অন্যদিকে, প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফরমে স্কার্ট পরার অনুমতি ছিল।

এ অবস্থায় প্রায় ১৩ জন পুরুষ ট্রেনচালক ও টিকিট পরীক্ষক প্রতিবাদের অভিনব পথ বেছে নেন। নিয়ম ভাঙার বদলে তারা স্কার্ট পরে কর্মস্থলে আসতে শুরু করেন। কারণ, পোশাকবিধি অনুযায়ী স্কার্ট নিষিদ্ধ ছিল না। বিষয়টি দ্রুত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। অ্যারিভাও স্বীকার করে, কর্মীদের স্কার্ট পরতে বাধা দিলে তা লিঙ্গবৈষম্যের অভিযোগের কারণ হতে পারে।

অবশেষে কর্মীদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে প্রতিষ্ঠানটি তাদের পোশাকবিধি পরিবর্তন করে। গ্রীষ্মকালের জন্য আনুষ্ঠানিক ইউনিফর্মে শর্টস যুক্ত করার ঘোষণা দেওয়া হয়। তবে যারা স্কার্ট পরতে চাইতেন, তাদের জন্য সেই সুযোগও বহাল রাখা হয়। কর্মীরা নিয়ম ভাঙেননি, বরং নিয়ম মেনেই সেটি বদলে দেওয়ার নজির স্থাপন করেছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button