ধর্ম

শীর্ষ আলেম আল্লামা নুরুল হক রহ. এর জানাযায় লাখো মানুষের ঢল

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার ইসলামি অঙ্গনের অভিভাবক, প্রখ্যাত বুজুর্গ এবং বটগ্রাম হামিদিয়া মাদরাসার সফল মুহতামিম প্রবীণ আলেম আল্লামা নুরুল হক (দাতামার হুজুর) রহ.-এর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় সুয়াগাজী কলেজ ও হাইস্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

প্রবীণ এই আলেমকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মানুষ ও আলেম-ওলামার ঢল নামে। জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী জানাজার আগে কোনো ধরনের বক্তব্য প্রদান করা হয়নি এবং ঠিক সকাল ১১টায় নামাজ শুরু হয়। গতরাতে মরহুমের সাহেবজাদা মুফতী নিয়ামত উল্লাহর নেতৃত্বে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জানাজা শেষে মরহুমকে তাঁর বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে এই প্রবীণ শায়খুল হাদিস ও পীরে কামেলের বয়স হয়েছিল আনুমানিক ৮৫ বছর। তাঁর এই প্রয়াণে কুমিল্লাসহ সারাদেশের আলেম সমাজ ও ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আল্লামা নুরুল হক ব্রিটিশ শাসনামলে আনুমানিক ১৯৪১ সালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সাতবাড়িয়া (দাতামা) গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দেশের শীর্ষস্থানীয় আলেমদের সান্নিধ্যে থেকে তিনি শরীয়তের উচ্চতর শিক্ষা অর্জন করেন এবং নিজেকে একজন দক্ষ আলেমে দ্বীন হিসেবে গড়ে তোলেন।

কুমিল্লায় কওমি আলেমদের ঐক্যবদ্ধ করতে এবং দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শৃঙ্খলা বজায় রাখতে তিনি আজীবন অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি ‘কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। দীর্ঘসময় বিভিন্ন ঐতিহ্যবাহী মাদরাসায় সহিহ বুখারি শরিফের দরস দিয়ে তিনি দেশে সহস্রাধিক আলেম ও মুহাদ্দিস তৈরি করেছেন।

অত্যন্ত সাদামাটা ও সুন্নতি জীবনযাপনের জন্য প্রবীণ এই আলেম সর্বমহলে সমাদৃত ছিলেন। তাঁর আধ্যাত্মিক বয়ান সাধারণ মানুষের হৃদয় স্পর্শ করত। এই বর্ষীয়ান দ্বীনি ব্যক্তিত্বের বিদায়ে বিভিন্ন ইসলামি দল, কওমি শিক্ষাবোর্ড ও সর্বস্তরের ওলামায়ে কেরাম গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button