আন্তর্জাতিকইন্ডিয়া

ভারত ছাড়ার নির্দেশ, চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাচ্ছেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বলিউড অভিনেতা ইমরান খান। আমির খানের ভাগনে এই অভিনেতাকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এ বিষয়ে শুক্রবার আদালতে আবেদন জমা দেওয়ার কথা রয়েছে ইমরানের। পাশাপাশি মামলাটির জরুরি শুনানির আবেদনও জানানো হবে। তাঁর পক্ষে আইনি লড়াই করবেন এমজেডএম লিগ্যাল এলএলপির আইনজীবী জুলফিকার মেমন, পারভেজ মেমন ও চিরাগ নায়েক। আবেদনটি মুম্বাই হাইকোর্টের প্রধান বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠি ও বিচারপতি অদ্বৈত শেঠনার ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উঠতে পারে।

বিক্ষোভে অংশ নেওয়ার পর আইনি জটিলতা

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন ইমরান খান। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনকারীরা দাবি করেন, দেশজুড়ে এ প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।

বিক্ষোভের পর ইমরানকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী ও তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং কাজিন জেইন মেরি।

ঘটনার পর বিজেপি নেতা কিরিট সোমাইয়া মুম্বাইয়ের গামদেবী থানায় ইমরানের বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের নাগরিক ও ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী ইমরান রাজনৈতিক সমাবেশে অংশ নিয়ে ফরেনার্স অ্যাক্ট লঙ্ঘন করেছেন।

পরে পুলিশ অভিযোগটি এফআরআরওর কাছে পাঠায়। এর পরিপ্রেক্ষিতেই ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওসিআই কার্ডধারীদের অধিকার কতটুকু?

ভারতের ওসিআই কর্মসূচির আওতায় যোগ্য বিদেশি নাগরিকেরা দীর্ঘমেয়াদি ভিসা সুবিধা এবং নির্দিষ্ট শর্তে দেশটিতে বসবাসের সুযোগ পান। তবে ওসিআই কার্ড ভারতীয় নাগরিকত্বের সমতুল্য নয়। এ কার্ডধারীরা ভোট দেওয়া কিংবা নির্বাচনে প্রার্থী হওয়ার মতো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারেন না।

অন্যদিকে, ভারতের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫ অনুযায়ী, কেন্দ্রীয় সরকার কোনো বিদেশি নাগরিককে ভারত অথবা দেশটির নির্দিষ্ট কোনো এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিতে পারে।

এখন এফআরআরওর দেওয়া নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের শরণাপন্ন হচ্ছেন ইমরান খান। আদালত এ বিষয়ে কী সিদ্ধান্ত নেন, তা জানতে অপেক্ষা করতে হবে।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

সংশ্লিষ্ট খবর

Back to top button