
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শহিদুল ইসলামের (৬০) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শিবচর পৌর বাজারের কাঠপট্টি সড়কে দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, সড়ক দিয়ে হেঁটে শিবচর বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। এক পর্যায়ে সড়কের এক পাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় বেপরোয়া গতির মোটরসাইকেল পেছন দিকে থেকে এসে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শহিদুল ইসলাম মৃধা শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষীয়ান নেতা আবু জাফর চৌধুরী জানান, বৃহস্পতিবার (আজ) দুপুরে আমার বাড়ির অনুষ্ঠানে এসেছিল শহিদ। একসাথে দুপুরে খাবার খেয়েছে আমার বাসায়। ওর আকস্মিক মৃত্যু মেনে নেয়ার মতো নয়। ভালো মানুষ ছিল। তার মৃত্যুতে আমরা ভীষণভাবে শোকাহত। এমন মৃত্যু কাম্য নয়।
শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান জানান,দুপুরে একসাথে খেলাম। সন্ধ্যায় মোটরসাইকেল চাপায় মারা গেলেন শহিদুল ইসলাম। শোক জানানোর ভাষা নেই আমাদের।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



