
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিটি গ্রাম ও অঞ্চলে সৎ এবং আদর্শবান মানুষ তৈরির কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুরে অবস্থিত ‘ফুড প্যারাডাইস’-এ আয়োজিত সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাদিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ইয়াছিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আমগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রিন্সিপাল ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. আজগর আলী, সাদিপুর আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ ও জামায়াত মনোনীত সাদিপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবু জাফর আতাউল্লাহ, সোনারগাঁও উত্তর থানা সেক্রেটারি ও জামপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইবরাহিম হাসান, জেলা মজলিসে শুরা সদস্য গিয়াস উদ্দিন ফরাজী।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান জুলাই বিপ্লবের চেতনা তুলে ধরে বলেন, “জুলাই বিপ্লবের পর দেশের মানুষের প্রত্যাশা ছিল ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি বৈষম্যহীন কল্যাণময় রাষ্ট্র গঠিত হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বিএনপি পুরোনো ধারার সংস্কৃতিই চালু রেখেছেন। সর্বত্র দখল, চাঁদাবাজি, অন্যায়-অনাচার ও দুর্নীতির উৎসব দেখা যাচ্ছে।”
তিনি আরও বলেন, কিছু দলে যেখানে চাঁদাবাজ ও লুটতরাজদের প্রাধান্য দেওয়া হচ্ছে, সেখানে জামায়াতে ইসলামীতে কোনো অসৎ লোকের স্থান নেই। জামায়াতে ইসলামী একটি সুখী সমৃদ্ধ কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করছে।
হাফিজুর রহমান জোর দিয়ে বলেন, সমাজে সর্বস্তরে আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া ক্ষুধা, দারিদ্র্য ও অন্যায়মুক্ত সমাজ গড়া সম্ভব নয়। যাদের হৃদয়ে আখিরাতের জবাবদিহির অনুভূতি রয়েছে, কেবল তাদের দ্বারাই একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন সম্ভব।
কুরআন ও সুন্নাহর আলোকে সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. জুবায়ের, অ্যাডভোকেট ফারাহ জুবায়ের এবং সাদিপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থীসহ স্থানীয় নেতা-কর্মীরা।



