বিএনপিরাজনীতি

শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি (ডিজিটাল): বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষার মানের দিকে নজর না দিয়ে শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, “ফ্যাসিস্টদের নজর ছিল শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করে লোক নিয়োগ দিয়ে তাদের কাছ থেকে ১০ লাখ, ১৫ লাখ টাকা ঘুষ নেওয়া। তারা শিক্ষাকে একটি বাণিজ্যিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে গিয়েছিল।”

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে টাঙ্গাইলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী টুকু বলেন, শিক্ষা একটি আদর্শিক পেশা। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ দিয়েছে, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়নি। শিক্ষকদের বিভিন্ন মতাদর্শে বিশ্বাস থাকতে পারে। তবে শিক্ষাঙ্গনে প্রবেশের পর শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকরিজীবীদের দলীয় পরিচয় বিবেচনা না করে কর্মকে বিবেচনা করতে বলেছেন। দেশপ্রেমকে বুকে ধারণ করে আমাদের পথ চলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে আপনাদের যে নৈতিক দায়িত্ব রয়েছে, তা পালন করতে হবে দায়িত্ববোধ ও দেশপ্রেম থেকে।”

বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক শামীম আল মামুন ও মোহাম্মদ আকতার হোসেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button