‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

বাংলা টিভি ডেস্ক: কক্সবাজারের উখিয়ার ইনানী পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী নাসরিন আক্তার মুক্তা (২৯)। স্ত্রীর নিখোঁজ হওয়ার খবর পেয়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় ভেঙে পড়েন ফয়সাল। প্রিয়জনকে হারানোর আশঙ্কায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্টও দেন তিনি।
ফেসবুক পোস্টে দেওয়ান ফয়সাল লেখেন, ‘হে আরশে আজিমের মালিক আমাদের সব ভাবনা যেন ভুল হয়। আমি ওরে ছাড়া থাকমু কেমনে।’
শনিবার (১৭ অক্টোবর) সকালে কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুন লাগার ঘটনায় মৃত্যু হয় মুক্তার। বান্ধবীদের সঙ্গে বেড়াতে কক্সবাজারে গিয়েছিলেন তিনি।
মুক্তার স্বামী দেওয়ান ফয়সাল জানান, স্ত্রী ও তাঁর বান্ধবীরা ছোটবেলার বন্ধু। একসঙ্গে পড়াশোনাও করেছেন তাঁরা। গত বৃহস্পতিবার বান্ধবীদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে যান নাসরিন। রোববার তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই স্ত্রীর মৃত্যুর খবর পান তিনি।
নাসরিন আক্তার মুক্তা আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তাঁর বাবার নাম মোস্তফা কামাল।
ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি বাদল হোসেন জানান, নাসরিনসহ তিন বান্ধবী টুপটুপ রিসোর্টে অবস্থান করছিলেন। শনিবার সকালে তাঁর দুই বান্ধবী কক্ষ থেকে বেরিয়ে যান। এর কিছুক্ষণ পর আগুন ছড়িয়ে পড়লে কক্ষে থাকা নাসরিন আটকা পড়েন। পরে অগ্নিকাণ্ডে তাঁর মৃত্যু হয়।
শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত হয়। কাঠের তৈরি রিসোর্টটিতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।
এ ঘটনায় মুক্তাসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।



