বাংলাদেশপ্রধানমন্ত্রী

সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলা টিভি ডেস্ক: মাত্র সাড়ে চার ঘণ্টায় রাজধানীর হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকাসহ ১৩টি স্থানে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিট থেকে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত এসব স্থান ঘুরে দেখেন তিনি। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের সেবার মান, পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

শনিবার সকালে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থায় উন্নতি আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের সময়সীমা বেঁধে দেন তিনি।

এরপর রাজউক উত্তরা মডেল কলেজ ও মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন তারেক রহমান। পরে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার এবং সরকারি বাংলা কলেজ ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনের পরবর্তী পর্যায়ে আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে যান তিনি। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

এ ছাড়া ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, কলাবাগান স্টাফ কোয়ার্টার ও আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

আকস্মিক পরিদর্শনে বিভিন্ন স্থানের অপরিচ্ছন্ন পরিবেশ ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেন তারেক রহমান। আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

এর আগে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করে পরিবেশ ও পরিচ্ছন্নতার মান উন্নয়নে সাত দিনের সময় বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনের সময় সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলামের কক্ষে যান প্রধানমন্ত্রী। সেখানে ওই চিকিৎসককে ধূমপান করতে দেখেন তিনি। এ ছাড়া কক্ষটির পরিবেশও অপরিচ্ছন্ন ছিল।

ঘটনাটি দেখে তাৎক্ষণিকভাবে হাসপাতালের চেয়ারম্যানকে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তারেক রহমান। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর ডা. রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় হকারমুক্ত ফুটপাতের পরিস্থিতিও সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তারেক রহমান। নাগরিক সেবার মান উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন তিনি।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি আবাসিক এলাকার ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্নতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button