নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যুর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় একটি বাড়ি থেকে একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করা হলেও এখনো মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) সকালে ঘটনাটি জানাজানি হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহতরা হলেন ৩৭ বছর বয়সী মহেশ, তাঁর ৩৫ বছর বয়সী স্ত্রী ললিতা এবং তাঁদের তিন সন্তান। সন্তানদের মধ্যে দুই ছেলের বয়স ১১ ও তিন বছর এবং মেয়ের বয়স সাত বছর।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমাতে যান। স্থানীয় বাসিন্দা ও নিহত দম্পতির মায়ের দেওয়া তথ্য অনুসারে, ওই রাতে তাঁরা নুডলস খেয়েছিলেন। পরে শনিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবারের পাঁচ সদস্যকে মৃত অবস্থায় দেখতে পায়।
গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার রাজীব কুমার সিসোদিয়া জানান, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা বিছানায় শুয়ে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই তাঁদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত চলছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ এবং খাদ্য নিরাপত্তা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ফরেনসিক দল বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পাশাপাশি পাঁচজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। খাদ্যে বিষক্রিয়া ছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা নথিভুক্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ। তদন্তের ফলাফল ও ময়নাতদন্তের প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।



