রাবণের মুখে মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা দাহ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারসহ দেশটির একাধিক রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বের মুখাবয়ব ব্যবহার করে রাবণের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করেছে কংগ্রেস-সমর্থিত ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই)।
বুধবার (২১ অক্টোবর) দ্য ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, বিজয়া দশমী উপলক্ষে নয়াদিল্লির রাইসিনা রোডে সংগঠনটির সদর দপ্তরে এ কর্মসূচি পালন করা হয়। ‘আঙুল তো উঠবেই—রাবণ দহন’ ব্যানারে আয়োজিত এই প্রতিবাদের মাধ্যমে বিভিন্ন জাতীয় ইস্যুতে নিজেদের অসন্তোষ প্রকাশ করে সংগঠনটি।
এনএসইউআইয়ের অভিযোগ, নির্বাচনী অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস, ক্রমবর্ধমান বেকারত্ব, জাতীয় সম্পদের অপব্যবহার, সাম্প্রদায়িকতা এবং দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকির বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
দশ মাথাবিশিষ্ট রাবণের ওই প্রতিকৃতিতে নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জ্ঞানেশ কুমারের পাশাপাশি শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি নেতা দুষ্যন্ত গৌতম এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মুখাবয়ব ব্যবহার করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছে এনএসইউআই। কুশপুত্তলিকা দাহের কর্মসূচিটিও সেই আন্দোলনের অংশ।
সংগঠনটির জাতীয় মিডিয়া ইনচার্জ রবি পান্ডে ও দিল্লির দায়িত্বপ্রাপ্ত অখিলেশ যাদব জানান, বিজয়া দশমী অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়ের প্রতীক। সেই তাৎপর্য সামনে রেখে ভোটাধিকার, সংবিধান এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষার দাবিতে তারা এই কর্মসূচি পালন করেছেন।
সূত্র: দ্য ট্রিবিউন



