কারাগারে হিন্দু বন্দিদের দুর্গাপূজা, প্রতিমা ও উপকরণ দিল কর্তৃপক্ষ

বাংলা টিভি ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে দেশের কারাগারগুলোতে হিন্দু বন্দিদের ধর্মীয় আচার পালনের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ। বন্দিদের চাহিদা অনুযায়ী প্রতিমা, পূজার উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি ধর্মীয় রীতি অনুসারে বিশেষ খাবার এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের বাড়তি সুযোগও দেওয়া হচ্ছে।
মঙ্গলবার রাতে কারা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
কারা অধিদপ্তর সূত্র জানায়, দেশের ৭৪টি কারাগারেই কমবেশি হিন্দু বন্দি রয়েছেন। দুর্গাপূজা উপলক্ষে কোনো বন্দি কারাগারের ভেতরে পূজার আয়োজন করতে চাইলে তার চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-হাই সিকিউরিটিতে থাকা প্রায় ৯১ জন হিন্দু বন্দির জন্য ছবিযুক্ত প্রতিমা ও পূজার উপকরণের ব্যবস্থা করা হয়েছে। কারাগারের ভেতরেই পূজার আয়োজন করছেন তারা।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদসহ অন্যান্য ধর্মীয় উৎসবে মুসলিম বন্দিরা যেভাবে ধর্মীয় আচার পালনের সুযোগ পান, দুর্গাপূজা উপলক্ষেও একইভাবে হিন্দু বন্দিদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মো. শাখাওয়াত হোসেন জানান, এই কারাগারে প্রায় ৪০০ হিন্দু বন্দি রয়েছেন। দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দির থেকে তাদের জন্য প্রসাদ পাঠানো হয়েছে। এ ছাড়া বুধবার কারা কর্তৃপক্ষের উদ্যোগে বন্দিদের বিশেষ খাবার পরিবেশন করা হবে। তাদের ধর্মীয় রীতি বিবেচনায় রেখেই খাবার তৈরির ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, উৎসব উপলক্ষে বন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলার সময় বাড়ানো হয়েছে। পাশাপাশি বিজয়া দশমীতে পরিবারের সদস্যরা বাড়িতে রান্না করা খাবার কারাগারে থাকা হিন্দু বন্দিদের কাছে পাঠাতে পারবেন।
কারা অধিদপ্তরের মিডিয়া শাখা থেকেও জানানো হয়েছে, দেশের সব কারাগারেই হিন্দু বন্দিদের ধর্মীয় উৎসব পালনের সুযোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে। বন্দিদের আগ্রহ ও চাহিদার ভিত্তিতে কারাগারের ভেতরেই পূজার আয়োজন করা হচ্ছে।
ধর্মীয় উৎসবের আনন্দে বন্দিদের অংশগ্রহণ নিশ্চিত করতে নেওয়া এসব উদ্যোগের মাধ্যমে কারাগারের ভেতরেও দুর্গাপূজার আনুষ্ঠানিকতা পালন করছেন হিন্দু বন্দিরা। বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজা।



