
বাংলা টিভি ডেস্ক: মুসলিম পরিবারে জন্ম কিন্তু ধর্মচর্চার সঙ্গে খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক নেই বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমির। স্বামী গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের স্ত্রী এবার তার ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত জীবন ও স্বামীর সঙ্গে এ নিয়ে মত পার্থক্যের কথা খোলামেলা জানিয়েছেন ভক্তদের।
সম্প্রতি আইআইএমইউএন-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক আলাপচারিতায় শাবানা জানান, তার বাবা প্রখ্যাত কবি ও গীতিকার কাইফি আজমি ছিলেন নাস্তিক। মা শওকত কাইফি ধর্ম পালন করলেও এ বিষয়ে খুব একটা কঠোর ছিলেন না। তার এ পারিবারিক পরিবেশ ধর্মীয় দৃষ্টিভঙ্গি গড়ে ওঠার ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলেছে।
শাবানা আরও জানান, প্রায়ই তিনি দৈনন্দিন কথাবার্তায় ‘মাশাআল্লাহ’ কিংবা ‘ইনশাআল্লাহ’ ব্যবহার করেন। তবে এসব শব্দ ব্যবহার নিয়ে প্রায়ই প্রশ্ন তোলেন তার স্বামী জাভেদ আখতার। এ চিত্রনাট্যকারের যুক্তি, ব্যক্তির নিজের সিদ্ধান্তে নেয়া কোনো কাজের ক্ষেত্রে ‘আল্লাহর ইচ্ছা’ বলাটা অপ্রাসঙ্গিক।
ব্যক্তিজীবনে শাবানার স্বামীও নাস্তিকতায় বিশ্বাসী। গীতিকার মনে করেন, সমাজে ধর্মের চেয়ে মানব ধর্মই বেশি গুরুত্বপূর্ণ। তবে স্বামীর দৃষ্টিভঙ্গির সাথে অমিল রয়েছে শাবানার।
এ প্রসঙ্গে শাবানা বলেন, এসব শব্দ ভাষা ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ। আমি মনে করি এতে যদি কেউ ধর্ম পালন করে মানসিক শান্তি পায় তবে তাকে সেই স্বাধীনতা দেয়া উচিত। অকারণে কারও বিশ্বাসে আঘাত করার প্রয়োজন নেই।
নিজের পরিচয় স্পষ্ট করে শাবানা জানান, তিনি মুসলিম। ঈদ, উর্দু ভাষা ও মুসলিম খাবারের প্রতি তার ভালো লাগা রয়েছে। তবে তিনি নামাজ পড়েন না, ধর্মচর্চার সঙ্গেও সম্পর্ক খুব একটা ঘনিষ্ঠ নয়।
ধর্ম ও ঈশ্বরের অস্তিত্ব প্রসঙ্গে শাবানা জানান, ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। ধর্মীয় বিষয়ে রাষ্ট্রের হস্তক্ষেপ যেমন কাম্য নয়, ঠিক তেমনি অন্যের বিশ্বাসে অকারণে আঘাত করারও অনুচিত।
ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে শাবানা আজমির এ বক্তব্য নেটদুনিয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।



