উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রীকে

বাংলা টিভি ডেস্ক: অসুস্থ ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ২৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাকে ঢাকায় আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, উন্নত চিকিৎসার জন্য মন্ত্রীকে রাজশাহী থেকে বিএমইউ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেই তার পরবর্তী চিকিৎসা চলবে।
এর আগে বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে হাসপাতালের একটি কেবিনে তার চিকিৎসা চলছিল। রক্তশূন্যতার কারণে তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়।
এদিকে ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তাকে দেখতে হাসপাতালে ভিড় করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, চিকিৎসকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় সবার কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চান তিনি।
ভূমিমন্ত্রী তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছেও দোয়া কামনা করেছেন।
সূত্র: বাসস।



