বিনোদন

সাবেক স্ত্রীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করলেন হিরো আলম

বিনোদন ডেস্ক: সাবেক স্ত্রী সাথী খাতুনসহ তিনজনের বিরুদ্ধে ১৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গালাগাল করার অভিযোগে মামলা করেছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে তিনি এ মামলা করেন।

মামলার অন্য দুই আসামি হলেন আহসান হাবিব সেলিম ও মো. মহিদুল ইসলাম। মামলার অভিযোগে বলা হয়েছে, তাঁরা সাথী খাতুনের সঙ্গে যোগসাজশ করে হিরো আলমের কাছে চাঁদা দাবি করেছেন।

হিরো আলমের আইনজীবী সান্তা সাকছিনা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। পাশাপাশি অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার আরজিতে হিরো আলম উল্লেখ করেন, তাঁর সাবেক স্ত্রী সাথী খাতুন একসময় তাঁর কাছে এসে মিউজিক ভিডিওতে কাজের সুযোগ চান। পরে সংসারের খরচ ও পোশাক কেনার জন্য তাঁকে অর্থ সহায়তা দেন তিনি।

অভিযোগে বলা হয়, গত ২২ আগস্ট ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান হিরো আলম। এ সময় ফোনে সাথী খাতুন মিউজিক ভিডিওর শুটিং ও সাজসজ্জার খরচ বাবদ আরও দুই লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করেছেন তিনি।

মামলার বিবরণে আরও বলা হয়েছে, গত ১৭ আগস্ট সাথী খাতুনকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছিল। পরে ওই অর্থ ব্যাংকে জমা রাখার বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকার করেন বলে দাবি করেছেন হিরো আলম।

পরবর্তী সময়ে গত ২৯ সেপ্টেম্বর সাথী খাতুনকে তালাক দেওয়ার পর তিন আসামি মিলে তাঁর কাছে ১৫ লাখ টাকা দাবি করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশে গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

এ ঘটনায় আদালতে মামলা করার আগে গত ১৬ অক্টোবর রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন হিরো আলম।

তবে মামলায় আনা অভিযোগগুলোর সত্যতা এখনো আদালতে প্রমাণিত হয়নি। বিষয়টি তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

সংশ্লিষ্ট খবর

Back to top button