আসিফ বিয়ে না করলে বাঁচব না: তরুণী

বাংলা টিভি ডেস্ক: সিরাজগঞ্জের রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী (১৮)। প্রেমিক আসিফ মাহমুদের (২১) সঙ্গে বিয়ে না হলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের হারনী মধ্যপাড়া গ্রামের প্রেমিক আসিফ মাহমুদের বাড়িতে অবস্থান নেন ওই তরুণী।
তবে ঘটনার পর থেকে লাপাত্তা প্রেমিক আসিফ।ভুক্তভোগী তরুণী সিরাজগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। আসিফ মাহমুদ ও তিনি সম্পর্কে খালাতো ভাই-বোন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে আসিফের বাড়িতে আসেন ওই তরুণী। এরপর তিনি আসিফের ঘরে প্রবেশ করলেও তাকে পাননি। পরে বাড়ির উঠানেই অবস্থান নেন। ওই তরুণীর দাবি, তারা খালাতো ভাই-বোন হওয়ায় পরিচিত। সেই সুবাদে নিয়মিত দুজনের ফেসবুকে কথা হয়। এক বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আসিফ বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় গোপনে দেখা করেছেন। এখন বিয়ের কথা বলায় বাড়ি থেকে পালিয়েছেন।
তরুণী আরও বলেন, ‘ও বিয়ে না করলে বাঁচব না। এটাই আমার শেষ কথা’।অভিযুক্ত প্রেমিক আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
তবে তার বাবা আবু হাশেম বলেন, ‘ছেলেকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু সে বিয়ে করবে না বলে বাড়ি ছেড়ে চলে গেছে।’
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’



