জুলাই সনদ বাস্তবায়ন হলে লংমার্চ, রোডমার্চ কিছুই হবে না: গোলাম পরওয়ার

বাংলা টিভি ডেস্ক: জনগণের স্বার্থে জুলাই সনদ বাস্তবায়ন হলে আর লংমার্চ, রোডমার্চ বলে কিছু থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, বিরোধী দলগুলোর দাবি, জুলাই সনদ বাস্তবায়ন।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় গোলাম পরওয়ার এ মন্তব্য করেন।
তিনি বলেন, সরকারের পায়ের তলার মাটি সরে গেছে। তাই তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি সংবিধান সংশোধনের নামে জুলাই সনদের সাথে বেঈমানি করছে। এই প্রক্রিয়া সংবিধান অনুযায়ী সম্পূর্ণ বে আইনি। গণভোটের মাধ্যমে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে।
গোলাম পরওয়ার বলেন, অনেক কারখানা বন্ধ হয়েছে, হচ্ছে। সরকার ১ কোটি লোককে চাকরি দেবে বলেছে। সেখানে উল্টোটা হচ্ছে। মানুষের কর্মসংস্থান নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ। আইন এবং শৃঙ্খলা কোনোটাই নেই। সরকারে যারা আছে তারা বিচার পাচ্ছে। যারা সরকারে নেই তারা বিচার পাচ্ছে না। বন্ধ ব্যাংক চালুর ব্যবস্থা করেন। এতে সাধারণ মানুষের কর্মসংস্থান তৈরি হবে।
এ জামায়াত নেতা আরও বলেন, প্রবাসে যারা আছেন তাদের ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ভূমিকা রাখছে না। দ্রব্যমূল্য বাড়ছে। কিন্তু তাদের ক্রয়ক্ষমতা বাড়ছে না। কিছু এমপি আছে তারা এলাকায় কোনো ভূমিকা রাখেন না।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি আমরা চেয়েছি। বিএনপি সংস্কারের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় না। গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি বলেন, জুলাই সনদ এখনও বাস্তবায়ন না হওয়া দুঃখজনক। সরকারের প্রতি অবিলম্বে এই সনদ বাস্তবায়নের দাবি জানাচ্ছি।



