জাতীয়

পলাতক শক্তির কোনো অপতৎপরতা মেনে নেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: পতিত শক্তি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি ও ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তাদের কোনো ধরনের অপতৎপরতা বরদাশত বা মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে ফিরতে চায় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত চেয়েছে।’

পার্বত্য অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, পাহাড়ের অপ্রীতিকর ঘটনায় সেনাবাহিনী অত্যন্ত সতর্ক ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। স্থায়ী শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সেখানে রাজনৈতিক ও স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে।

পুলিশ কর্মকর্তাদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে পুলিশের এক কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। অপরাধের ক্ষেত্রে কে কোন পদে আসীন রয়েছে, তা বিবেচনা করা হবে না–আইন সবার জন্য সমান।

সম্প্রতি শেষ হওয়া শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনের বিষয়ে সন্তোষ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, একটি চক্র সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালিয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও সার্বিক প্রচেষ্টায় সারা দেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা পালিত হয়েছে।

দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button