বাংলাদেশ

পূজার ছুটি শেষে ফিরে দেখেন, বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার নেই

বাংলা টিভি ডেস্ক: নরসিংদী শহরের পশ্চিমকান্দাপাড়ায় একটি বাড়িতে জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। এলাকার সেবাসংঘ দুর্গামন্দিরসংলগ্ন নরেশ চন্দ্র সাহার সাততলা বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া সুখন চৌধুরীর বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, আলমারি ভেঙে নগদ ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে চোর।

পরিবার সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে ভাড়াটিয়া সুখন চৌধুরী সপরিবারে তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টার গুহিয়ালা গ্রামে পূজা দেখতে গিয়েছিলেন। এ সময় বাসা তালাবদ্ধ ছিল। শুক্রবার রাতে নরসিংদীর বাসায় এসে দেখেন সামনের দরজা বন্ধ করা। কিন্তু পেছনে গ্রিল কাটা। তিনি বাড়ির মালিকের সহযোগিতায় ঘরে ঢুকে দেখেন আলমারি ভাঙা, ঘরের ভেতর সমস্ত মালামাল এলোমেলোভাবে পড়ে আছে। পরে দেখেন তাদের আলমারিতে রক্ষিত টাকা এবং স্বর্ণালংকার নেই।

সুখন চৌধুরী গত পাঁচ বছর যাবৎ স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় এখানেই থাকতেন। পার্শ্ববর্তী বাবুরহাটের শেখেরচর এলাকায় ইভা ডাইংয়ে রং মাস্টারের কাজ করতেন। তিনি নেত্রকোনার বারহাট্টা থানার গুহিয়ালা গ্রামের মতীন্দ্র চৌধুরীর ছেলে।

ভুক্তভোগী সুখন চৌধুরী বলেন, একটি ডাইং কারখানা করার জন্য ভাইয়ের কাছে গ্রামের বাড়ির জমি বিক্রি করে ২৫ লাখ টাকা, বন্ধুর কাছ থেকে ধার নিই ১০ লাখ এবং নিজের কাজের পরিশ্রমে জমানো আরও ১৫ লাখ টাকাসহ মোট ৫০ লাখ টাকা বাসায় রাখি। ডাইং কারখানা করার কথাবার্তাও প্রায় ফাইনাল হয়ে গিয়েছিল। যার কারণে সম্পূর্ণ টাকাই আমি একত্রে করে নিজ বাসায় রেখেছিলাম।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন জানান, ফ্ল্যাটে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। যারা এই ঘটনায় সরাসরি জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button