ভোট গণনা যত বাড়ছে, নেতানিয়াহুর ভোট তত কমছে

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের পার্লামেন্ট নেসেট নির্বাচনের প্রাথমিক ভোট গণনা যত এগোচ্ছে, ততই কমছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির ভোটের হার। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২১ লাখেরও বেশি ভোট গণনা করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক গণনায় ২১.৭ শতাংশ ভোট পেয়ে তালিকার শীর্ষে রয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। তবে আগের গণনায় দলটির ভোটের হার ছিল ২৩.২৪ শতাংশ। অর্থাৎ, নতুন তথ্য প্রকাশের পর দলটির ভোটের শতকরা হার কমেছে।
অন্যদিকে, গাদি আইজেনকোটের ইয়াশার পার্টির ভোটের হার কিছুটা বেড়েছে। দলটি এখন পর্যন্ত ১৫.৭২ শতাংশ ভোট পেয়েছে। এর আগে প্রকাশিত গণনায় তাদের ভোটের হার ছিল ১৫.৪১ শতাংশ।
এদিকে, ৯.২২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ফিলিস্তিন-ইসরাইলি জয়েন্ট লিস্ট। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল পেয়েছে ৮.২২ শতাংশ ভোট।
কেন্দ্রীয় নির্বাচন কমিটি জানিয়েছে, প্রকাশিত পরিসংখ্যান এখনো প্রাথমিক পর্যায়ের। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ফলাফলে পরিবর্তন আসতে পারে।
নির্বাচনে মোট ৭৩ লাখ ৩০ হাজার নিবন্ধিত ভোটারের মধ্যে ৫৬ লাখ ৯০ হাজারের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।



