বাংলাদেশ

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

বাংলা টিভি ডেস্ক: মালয়েশিয়ায় কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে শুরু হবে। এ জন্য অনুমোদিত মেডিকেল সেন্টার নির্ধারণ করা হয়েছে। তবে অনুমোদিত কেন্দ্রের তালিকা প্রকাশের আগে কোনো ধরনের মেডিকেল পরীক্ষা না করানোর নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার (২৮ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের তালিকাটি নিয়মিত দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশনা পালন ও সক্ষমতা বিবেচনায় তালিকা থেকে কোনো কেন্দ্র বাদ পড়তে পারে, আবার নতুন কেন্দ্রও যুক্ত হতে পারে।

নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, ৩১ অক্টোবরের আগে সম্পন্ন করা কোনো মেডিকেল পরীক্ষা গ্রহণ করা হবে না। এসব পরীক্ষার ভিত্তিতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্যও কোনো প্রক্রিয়া সম্পন্ন করা হবে না।

এ ছাড়া মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের মেডিকেল পরীক্ষা করাতে পারবে না। অনুমোদনহীনভাবে পরীক্ষা করানোর কথা বলে কিছু দালাল ও অসাধু এজেন্সি কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে বলে মন্ত্রণালয় জানতে পেরেছে।

এ পরিস্থিতিতে অনুমোদিত কেন্দ্রের বিষয়ে নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা অর্থ জমা না দেওয়ার জন্য কর্মীদের সতর্ক করা হয়েছে।

মন্ত্রণালয়ের আরও নির্দেশনা অনুযায়ী, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি ভিডিআর ভিসাসংক্রান্ত নথি জমা দিতে হবে।

সরকারি নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগ কার্যক্রম স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিলের মতো পদক্ষেপ থাকতে পারে।

এদিকে, অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা বা এ ধরনের অনিয়মের তথ্য থাকলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রমাণসহ মন্ত্রণালয়কে জানানোর আহ্বান জানানো হয়েছে। অভিযোগ পাঠানো যাবে secretary@probashi.gov.bd ঠিকানায়।

মন্ত্রণালয় জানিয়েছে, মালয়েশিয়াগামী কর্মীদের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নজরদারি অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে সরকারি নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button