‘কোনো অবস্থাতেই রাস্তা-ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না’

বাংলা টিভি ডেস্ক: অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে হকারি করার কোনো সুযোগ দেওয়া হবে না বলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, দখলদারদের বিরুদ্ধে বারবার অভিযান চালানো হবে। প্রয়োজনে মালামাল জব্দের পাশাপাশি আইনি ব্যবস্থা ও গ্রেপ্তার করা হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত দুই দফায় পরিচালিত উচ্ছেদ অভিযান চলাকালে তিনি এসব কথা বলেন।
অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় বিভিন্ন দোকানের মালামাল। অভিযানের মাধ্যমে জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে বলে জানায় ডিএসসিসি।
প্রশাসক মো. আবদুস সালাম বলেন, অবৈধভাবে রাস্তা কিংবা ফুটপাত দখল করা হলে নগরবাসীর স্বার্থে বারবার অভিযান পরিচালনা করা হবে। এ বিষয়ে আগে একাধিকবার আলোচনা, অনুরোধ ও সতর্ক করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে দখল করে ব্যবসা পরিচালনা করলে মালামাল জব্দসহ প্রয়োজন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ঢাকার নাগরিকদের প্রত্যাশা ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে এ বিষয়ে জনমত গড়ে তোলা প্রয়োজন। দেশের বিভিন্ন এলাকা থেকে বাস্তুচ্যুত হওয়া সব মানুষের দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষে নেওয়া সম্ভব নয়।
হকারদের বিষয়ে প্রশাসক বলেন, সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি না করে নির্দিষ্ট স্থান ও নির্ধারিত সংখ্যার ভিত্তিতে হকারদের ব্যবসার সুযোগ দেওয়া যেতে পারে। তবে অন্যদের নিজ নিজ জেলায় ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
ঢাকাকে বাসযোগ্য ও চলাচলের উপযোগী রাখতে রাস্তা এবং ফুটপাত দখলমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘এই ঢাকাকে আমাদের বাঁচাতে হবে, এর কোনো বিকল্প নেই।’



