তাহসিফ সৌরির দাফন সম্পন্ন

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর উত্তরায় দাফন করা হয়েছে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরিকে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে জানাজা শেষে উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বিকেল ৪টা ৩৫ মিনিটে উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্বজনরা মরদেহ নিয়ে দাফনের জন্য কবরস্থানে যান।
বুধবার বিকেলে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে তারা মরদেহ উত্তরার বাসায় নিয়ে আসেন। সেখান থেকে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।



