অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। চুক্তিভিত্তিক এ নিয়োগের মেয়াদ এক বছর। এ পদে তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। শিবা শানুর প্রকৃত নাম চৌধুরী মাজহার আলী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের আগে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে থাকা কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
বর্তমানে শিবা শানু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। তবে শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে হলে তাকে শিল্পী সমিতির বর্তমান পদ ছাড়তে হবে।
এ বিষয়ে এখনো নিজের সিদ্ধান্তের কথা জানাননি এই অভিনেতা। ফলে নতুন দায়িত্ব গ্রহণের পর শিল্পী সমিতির সভাপতির পদ নিয়ে তিনি কী সিদ্ধান্ত নেন, তা জানতে অপেক্ষা করতে হবে।



