জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল

বাংলা টিভি ডেস্ক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী হওয়ার পর রাজনৈতিক সৌহার্দ্যের এক দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। নির্বাচনের পরদিন শুক্রবার (৩০ অক্টোবর) সকালে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসেনের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় মির্জা ফয়সল আমীন ফুলের তোড়া দিয়ে দেলাওয়ার হোসেনকে শুভেচ্ছা জানান। পরে দুই নেতা কোলাকুলি করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান। তাদের মধ্যে আন্তরিক পরিবেশে কুশল বিনিময়ও হয়।
সাক্ষাৎকালে মির্জা ফয়সল আমীন দলীয় মতপার্থক্য ও রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে উঠে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি দেলাওয়ার হোসেনকে সঙ্গে নিয়ে আগামী দিনে একটি উন্নত ঠাকুরগাঁও গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
জবাবে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনও জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার আশ্বাস দেন। ঠাকুরগাঁওয়ের স্বার্থে যেকোনো ভালো উদ্যোগে পাশে থাকার প্রত্যয় জানান তিনি।
ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী ফলাফল
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন।
নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ও ১১-দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।
দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৩৩৬।
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে দুই প্রার্থীর এই সৌজন্য সাক্ষাৎ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।



