বাংলাদেশ

রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

বাংলা টিভি ডেস্ক: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মন্ত্রী জানান, শুক্রবার দুপুর ১২টায় দ্বিতীয় দফায় পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে কেন্দ্রটির চুল্লিতে নিয়ন্ত্রিতভাবে শক্তি উৎপাদনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পথ তৈরি হয়েছে। এখন পর্যায়ক্রমে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনের মাত্রা বাড়ানো হবে।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।

এই অনুমোদনের পর প্রথমবারের মতো চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পারমাণবিক বিভাজন প্রক্রিয়া শুরু করার সুযোগ তৈরি হয়। এর মাধ্যমে নিয়ন্ত্রিত ও স্থিতিশীলভাবে শক্তি উৎপাদনের কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এর আগের ধাপের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও সফলভাবে সম্পন্ন হয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের ‘বি-১’ পর্যায়ের কাজ প্রায় সফলভাবে শেষ হয়েছে। সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষায় যে জটিলতা দেখা দিয়েছিল, সেটিও কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

এরপর শুরু হয়েছে ‘বি-২’ পর্যায়ের কার্যক্রম। এ ধাপে পারমাণবিক চুল্লিকে প্রাথমিক পরিচালনার জন্য প্রস্তুত করা হয়। পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হলো ক্রিটিক্যালিটি, যেখানে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন তৈরি করা হয়।

পরিকল্পনা অনুযায়ী, পরীক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে ৩০০ মেগাওয়াটে নেওয়া হবে। এরপর প্রয়োজনীয় পরীক্ষা ও অনুমোদন সম্পন্ন হলে জাতীয় সঞ্চালন গ্রিডে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্যও প্রস্তুতি এগিয়ে নিচ্ছে রাশিয়া। দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে প্রাথমিকভাবে পারমাণবিক জ্বালানি লোড করার উদ্দেশ্যে জ্বালানি সরবরাহ শুরু হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম। বৃহস্পতিবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button