রাজনীতি

‘আগামীর সরকার নাহিদ ইসলাম, এনসিপির নেতৃত্বে গঠিত হবে’

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামীতে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির সরকার গঠিত হবে। তরুণদের কর্মসংস্থান ও ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি পূরণে বর্তমান সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে প্রস্তুত তাঁর দল।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহবাগে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘নাহিদ ইসলামের নেতৃত্বে যেভাবে গণঅভ্যুত্থান হয়েছিল, আমরা এখনো চুপ করে আছি। ইনশাআল্লাহ, আগামীতে নাহিদ ইসলামের নেতৃত্বে সরকার গঠিত হবে। এনসিপির নেতৃত্বেই নতুন সরকার প্রতিষ্ঠিত হবে।’

তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তরুণরা নিজেদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখেছিল। নির্বাচনের আগে এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও গত আট মাসে পরিস্থিতির উন্নতি হয়নি বলে তাঁর অভিযোগ। বরং অসংখ্য তরুণ কর্মসংস্থানের সংকটে পড়েছেন।

তিনি বলেন, সরকারকে তরুণদের জন্য কাজের সুযোগ তৈরি করতে হবে। তা সম্ভব না হলে এনসিপি ক্ষমতায় গিয়ে তরুণদের দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছে। তাঁর ভাষায়, ‘সরকার আমাদের পেটে লাথি দিয়েছে। যারা আমাদের পেটে লাথি দিয়েছে, তাদের নতুন করে শিক্ষা দেওয়ার সময় এসেছে।’

রাজধানীর উন্নয়ন নিয়ে বক্তব্যে এনসিপির এই নেতা বলেন, ঢাকাকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাঁদের। তাঁর অভিযোগ, বর্তমান সরকার সিন্ডিকেট, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। বরং অপরাধীদের পুরস্কৃত করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে যে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে এনসিপি কোনো আপস করবে না। বরং আগের চেয়ে আরও জোরালোভাবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কাজ করবে দলটি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। জানান, ইতোমধ্যে কয়েকটি সিটি করপোরেশনে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের সদস্য, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে আগ্রহীদের দলটিতে যোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি দাবি করেন, এনসিপি চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও দখলদারত্বের রাজনীতির সঙ্গে জড়িত নয়। এসব অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়েই নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় দলটি।

সমাবেশে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button