বাংলাদেশ

মাদরাসায় খাবার না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যা, সহকারী আহত

বাংলা টিভি ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দে মাদরাসায় খাবার চেয়ে না পেয়ে কাঠের গুঁড়ি (চলা) দিয়ে পিটিয়ে ফজের আলী সরদার (৭০) নামে এক বাবুর্চিকে হত্যা করা হয়েছে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে সোনাবান বিবি (৬৫) নামে এক নারী সহকারীও হামলায় গুরুতর আহত হন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদরাসাতু সাবি-ইল-হাসান দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।

নিহত ফজের আলী সরদার রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের মৃত আহমদ আলী সরদারের ছেলে। আহত সোনাবান বিবি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাইরে চর দৌলতদিয়া সিদ্দিক কাজীপাড়ার মৃত সাইমুদ্দিন শেখের স্ত্রী।

স্থানীয় কয়েকজন জানান, শুক্রবার দুপুরে রান্না শেষে মাদরাসার হোস্টেলের শিক্ষার্থীদের খাবার পরিবেশন করছিলেন বাবুর্চি ফজের আলী ও তার সহকারী সোনাবান বিবি। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি সেখানে গিয়ে খাবার চান। খাবার না পেয়ে তিনি পাশের রান্নার কাজে ব্যবহৃত কাঠের গুঁড়ি (চলা) নিয়ে অতর্কিতভাবে ফজের আলীর মাথা ও ঘাড়ে আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় ফজের আলীকে বাঁচাতে এগিয়ে গেলে ওই ব্যক্তি সোনাবান বিবিকেও মারধর করেন। তাদের চিৎকার শুনে মসজিদের মুসল্লি ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে আটক করেন। পরে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কৌশিক হাসান ফজের আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সোনাবান বিবিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উত্তেজিত জনতার হাতে আটক ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৩ বছর। তাকে পুলিশের তত্ত্বাবধানে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। খাবার চেয়ে না পেয়ে তিনি বাবুর্চি ও তার সহকারীকে মারধর করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button